কোয়ালকমকে টপকে শীর্ষে মিডিয়াটেক

২৭ ডিসেম্বর, ২০২০ ০১:৫৯  
কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ প্রতিবেদন থেকে স্মার্টফোন খাতের একটি বড় পরিবর্তন পাওয়া গেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) কোয়ালকমকে টপকে বিশ্বের স্মার্টফোন খাতে শীর্ষ চিপসেট যোগানদাতা হিসেবে জায়গা করে নিয়েছে মিডিয়াটেক। প্রতিবেদন মতে, ঐ সময়ে মিডিয়াটেক আন্তর্জাতিক বাজারের প্রায় ৩১ শতাংশ শেয়ার নিজেদের দখলে রেখেছে। বিশেষ করে ১০০ থেকে ২৫০ ডলারের স্মার্টফোনের ব্যাপক বিক্রি এবং চীন ও ভারতে স্মার্টফোনের বাজার বেড়ে যাওয়ায় তাদের এই সফলতা এসেছে বলে মত প্রকাশ করা হয়। উন্নয়নশীল দেশ হিসেবে ভারতের গ্রাহকরা মূলত সাশ্রয়ী দামে স্মার্টফোন কিনতে চান, যেগুলোতে সাধারণত কোয়ালকমের দামি চিপসেটে পরিবর্তে মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়। তৃতীয় প্রান্তিকে কোয়ালকম খারাপ অবস্থানে রয়েছে এমনটিও বলা যাবে না। কারণ তৃতীয় প্রান্তিকে ৩৯ শতাংশ শেয়ার নিয়ে বিশ্বের শীর্ষ ফাইভজি ফোন চিপসেট সরবরাহকারী হিসেবে জায়গা দখল করে রেখেছে কোম্পানিটি। ডিবিটেক/বিএমটি